এই ইংল্যান্ড সেই ইংল্যান্ড নয়। পরিসংখ্যান এ কথার পক্ষে প্রমাণ দেবে। ২০২১ সালের আগস্টে ভারত যখন ইংল্যান্ড সফর করে তখন অধিনায়ক ছিলেন জো রুট। তখন চার টেস্টে ২-১-এ এগিয়ে ছিল ভারত। একমাত্র লিডস টেস্ট জিতেছিল ইংলিশরা। বেন স্টোকস দায়িত্ব নেওয়ার আগে ওটাই ছিল ১২ টেস্টে ইংল্যান্ডের একমাত্র জয়।
পরিস্থিতি আমূল বদলে গেছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের ইংল্যান্ড যে ক্রিকেট খেলছে তাতে ১ জুলাই থেকে শুরু হতে চলা গত বছরে স্থগিত থাকা শেষ টেস্টটা যে সহজ হবে না তা ভালো করেই জানেন রাহুল দ্রাবিড়। তবে ভারতীয় দলের নতুন কোচ বলছেন, ‘গত বছর পরিস্থিতি অন্যরকম ছিল। এই সময়ের মধ্যে দলে অনেক বদল হয়েছে। তবে তার প্রভাব খেলায় পড়বে না। কারণ, এই ম্যাচেই সিরিজের ভাগ্য ঠিক হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে দলের ছেলেরা টেস্ট জিততে চাইবে। ওরা তৈরি। আগেরবার ইংল্যান্ড কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু গত দুই টেস্টে ওরা ভালো ক্রিকেট খেলেছে। তাই ইংল্যান্ডকে হারাতে হলে ওদের থেকেও ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’
ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম দুর্ধর্ষ। জো রুটের জায়গায় স্টোকস অধিনায়ক হওয়ার পরে নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলেছে তারা। প্রথম দুটি টেস্ট জিতেছেন স্টোকসরা। ইংল্যান্ডের খেলা দেখে সতর্ক দ্রাবিড়। ট্রেন্টব্রিজে পঞ্চম দিনে ২৯৯ রানের টার্গেট ৫ উইকেটে পূরণ করেছে তারা মাত্র ৫০ ওভারে। সেদিন ৯২ বলে ১৩৬ রানের অবিশ্বাস্য ইনিংসে খেলেন জনি বেয়ারস্টো। ৭০ বলে ৭৫ করে অপরাজিত ছিলেন স্টোকস। এই ইংল্যান্ড চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই দ্রাবিড়ের বিশ্বাস। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি ‘আমি টেস্ট ক্রিকেট দেখতে, খেলতে, এতে কোচিং করাতে পছন্দ করি। ম্যাচটির জন্য মুখিয়ে আছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে সোমবার সকালে ইংল্যান্ড গিয়েছেন দ্রাবিড়। গতকাল দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেন। তবে তার মাথায় কেবল টেস্ট ঘোরাফেরা করছে না। আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চিন্তাও। কারা সুযোগ পাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে, তা এখনো পরিষ্কার নয়। দ্রাবিড় বলেছেন, ‘কোনো প্রতিযোগিতা কাছাকাছি চলে এলে দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিতে হয়। পুরো দল না হলেও অন্তত মোটামুটি একটা দল তৈরি রাখতে হয়। বিশ্বকাপে ১৫ জনকে দলে নেওয়া যাবে। তার জন্য অন্তত ১৮-২০ জনকে তৈরি রাখতে হবে। চোট-আঘাতের জন্য এক-দুইজন বদলাতে পারে। এগুলো হাতে নেই। মূল দলটা যত দ্রুত সম্ভব আমাদের তৈরি করে ফেলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে (২৬ জুন শুরু) সিরিজে, নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর চূড়ান্ত দল গঠন হবে, সেটা এখনই বলা মুশকিল। দ্রুততার সঙ্গে চূড়ান্ত দল গঠন আমাদের প্রধান লক্ষ্য।’