সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় মানুষকে উদ্ধার ও তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) তত্ত্বাবধানে সিলেটের জৈন্তাপুর উপজেলার বন্যাদুর্গত বয়রা খাল এলাকার ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) তত্ত্বাবধানে জৈন্তাপুর উপজেলার মাওলানা আব্দুল লতিফ-জুলেখা গার্লস স্কুলে বন্যাদুর্গত ৯৫০ জন দুস্থ ও অসহায় জনসাধারণকে বিজিবির একটি চিকিৎসক দল কর্র্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করেছে।
অপরদিকে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার বন্যাদুর্গত ১৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবির ময়মনসিংহ সেক্টরের নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) তত্ত্বাবধানে খালিয়াজুড়ি উপজেলার বন্যাদুর্গত কৃষ্ণপুর ইউনিয়নের অসহায় ১৫০টি পরিবার এবং জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সীমান্তবর্তী খাটিয়ামারী ও রতনপুর এলাকায় বন্যাকবলিত অসহায় পানিবন্দি ৩০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজ্ঞপ্তি