রংপুরে প্রাণিসম্পদ পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোডে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন তিনি।   

দপ্তরের অফিস-সহায়ক বদিউজ্জামান বলেন, ‘মঙ্গলবার সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে ঝরনার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ 

ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল মাঠে নেমেছে।

রংপুর কোতোয়ালি থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।