পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনায় ‘দুর্নীতির অভিযোগ’ উঠলে শুরুতেই জটিল পরিস্থিতিতে পড়ে সরকার। সেই পরিস্থিতি সামলে ওঠার কঠিন যাত্রায় সঙ্গে থাকায় দেশের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়াটা আমি পেয়েছিলাম, সেটাই কিন্তু আমার সাহস আর শক্তি।… মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। তাদেরই সাহসে এই পদ্মা সেতু আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
বুধবার সকালে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই বক্তৃতার একটি বড় অংশে ছিল ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতু প্রসঙ্গ।
বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়নের চুক্তি করলেও পরে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তোলে। কিন্তু সেই অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি।