সাতক্ষীরার দেবহাটায় পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শ্বশুরের নাম আজগর আলী সরদার (৫৫)।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান জানান, দেবহাটার
নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আজগর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দু’বছর আগে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বহেরা গ্রামের মুজিবরের ছেলে (শিল্পীর খালাতো ভাই) সালাহউদ্দিনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সালাহউদ্দিন নিয়মিত শারীরিক নির্যাতন করতেন শিল্পীকে।
এ ঘটনায় অনেকবার সালিস হলেও নির্যাতন অব্যাহত থাকায় মেয়েকে বাড়িতে এনে দশ দিন আগে একটি তালাকনামা দেওয়া হয়।
তালাকনামা হাতে পেয়ে শ্বশুর মুজিবরকে ব্যাপক মারধর করেন সালাহউদ্দিন।
এরপর আবার মঙ্গলবার দিবাগত রাতে এসে বারান্দায় ঘুমন্ত মুজিবরকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপান সালাউদ্দিন।
পরিবারের লোকজন চেষ্টা করেও সালাহউদ্দিনকে আটক করতে ব্যর্থ হয়।
আহত মুজিবরকে স্থানীয় হাসপাতালে নেয়ার পরপরই অবস্থা সংকটাপন্ন হওয়ায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকটি টিম তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে
শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারত পালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকে ভিসা প্রস্তুত করে রেখেছে বলে হুমকি দিতেন।
পুলিশ দ্রুত আটক করতে না পারলে বৈধ বা অবৈধ পথে সালাহউদ্দিন ভারতে পালিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেন।