প্রয়োজনীয়তা বিবেচনা করেই ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নিয়ে সিদ্ধান্ত (ভিডিও)

‘দ্বিতীয় পদ্মা সেতু’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, প্রয়োজনীয়তা বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও বলেন, মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণে যে বড় খরচ হয়েছে সেটা উঠলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।

বুধবার সকালে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেই বক্তৃতার একটি বড় অংশে ছিল ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতু প্রসঙ্গ।

এ সময় এক প্রশ্নের জবাবে দ্বিতীয় পদ্মা সেতু প্রসঙ্গে এ সব কথা জানান শেখ হাসিনা।

পদ্মা সেতুর মাধ্যমে ২১ জেলার মানুষ সংযুক্ত হচ্ছে। এর মধ্যে ১৬ জেলার মানুষ আরও বেশি উপকৃত হবে দ্বিতীয় পদ্মা সেতু (দৌলতদিয়া-পাটুরিয়া) নির্মাণ হলে।

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, সারা দেশে বিভিন্ন সেতু নির্মাণ করে সংযোগ তৈরি করেছি। পদ্মা সেতু চালু হওয়ার পরে দ্বিতীয়টার জন্য আয়োজন রয়েছে। তবুও আগে দেখতে হবে, এটার প্রয়োজনীয়তা কতটুকু? সেটা বিবেচনা করে করা হবে। এখনই এত বড় একটা কাজ শেষ করে, আবার আরেকটা এখনই শুরু করতে পারব না।

তিনি বলেন, এখন জায়গাটা খুব বড় না, বড় সেতু না। কাজেই ভবিষ্যতে যখন প্রয়োজন হবে মনে করব। আগেই বলেছি কোনো প্রয়োজন হলে সেটা থেকে রিটার্ন কী আসবে, সেটাও আমাকে দেখতে হবে। সেটা দেখেই প্রকল্প নেব। আমাদের এটা মাথায় আছে। এখন এত বড় খরচ করেছি, সেটার টাকা আগে উঠুক। তারপরে দ্বিতীয়টা করব।