সংবাদ সম্মেলন

সেন্টমার্টিনে পর্যটক সীমিত-নিবন্ধন চালু কার্যকর হলে ক্ষতির মুখে পড়বে পর্যটন

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত এবং পর্যটকদের নিবন্ধন চালু করলে কক্সবাজারে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন সেন্টমার্টিন দ্বীপে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় সামনের পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন মাত্র ৯ শ পর্যটক এবং পর্যটকদের নিবন্ধন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে কক্সবাজারের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়বে। সেন্টমার্টিন দ্বীপের ১০ হাজার বাসিন্দা বেকারত্বের শিকার হবে। 

সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সীমিত না করে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে দেশি- বিদেশি পর্যটকদের ভ্রমণ নিশ্চিতে নীতিমালা প্রণয়নের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তোফায়েল আহমেদ, সেক্রেটারি হোসাইন ইসলাম, বাহাদুর ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল, সেন্টমার্টিন হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ।