এবার বরিশালে তিন নবজাতকের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’

এবার বরিশাল নগরে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুন্নাহার বেগম (২১) নামে গৃহবধূকে আজ সকালে নগরের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ের জন্ম হয়। নবজাতকদের মা নুরুন্নাহার বেগম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক বাবু সিকদারের স্ত্রী।

এর আগে গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। তাদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। ওই তিন নবজাতকের নাম পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এ তিন নবজাতকের জন্য উপহার ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।