সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নরসিংদীতে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।  

গ্রেপ্তাররা হলেন বার্নিশ মিস্ত্রি সদর উপজেলার বুদিয়ামারা গ্রামের মাসুম মিয়া (২৬), একই গ্রামের শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের সোহাগ মিয়া (২৩)।   

পুলিশ সুপার জানান, ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি মাসুম ও তার দুই সহযোগী শিমুল ও সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তমাখা কাঠ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে সুজিত সূত্রধরের (৫৩) ছেলে সুজন সূত্রধরের সঙ্গে তাদের দোকানের বার্নিশ মিস্ত্রি মাসুমের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গত বুধবার রাতে মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দোকানে ঢুকে সুজিত সূত্রধরসহ তার ছেলে সুজন (২৭) ও  দোকানের কর্মচারী দিনার (৫০) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজিতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তদন্তে নামে পুলিশ এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। ঘটনায় আরও কোনো পক্ষ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ে হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে।