মুক্তিযোদ্ধা শিক্ষকদের অতিরিক্ত এক বছর চাকরির সুবিধা বাতিল করা বা রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট।
শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সভার শেষাংশে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
এর আগে মুক্তিযোদ্ধা শিক্ষকদের অতিরিক্ত এক বছর চাকরির সুবিধার পক্ষে-বিপক্ষে কয়েক ঘণ্টা তর্ক-বিতর্ক করেন সিনেট সদস্যরা। তবে সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সেশন বেনিফিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
সিনেট অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাসও হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট পাস হয়।