ঢাকার বংশালে দুটি ভবনের মাঝে অংশে বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে বংশালের ৫৬ নম্বর আগাসাদেক রোডে এ ঘটনা ঘটে।
দগ্ধ মো. ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেনকে (২৮) উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের শরীরের ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেইন জানান, চার ও পাঁচতলা দুটি ভবনের মাঝে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণে ভবনের তিনটি দেয়াল আংশিক ধসে পড়ে। তদন্তের পর বিস্ফোরণের কারণ জানা যাবে বলে জানান তিনি।