টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে খালেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
খালেদা আক্তার উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
গোড়াই ইউপির সদস্য রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
আনোয়ার গত দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী খালেদা জানতে পারেন। এ নিয়ে তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়।
শনিবার সকালে এ নিয়ে খালেদা ও আনোয়ারের মধ্যে ঝগড়া হয়। সকাল সাড়ে দশটার দিকে ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার (৯৯) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খালেদা আত্মহত্যা করেন।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুরের জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।