সেতু উদ্বোধন হওয়াতে আমিও উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত: শাবনূর

২৫ জুন প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। সুদূর অস্ট্রেলিয়া থেকেও দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না তিনি।

সামাজিকমাধ্যম ফেসবুকে শাবনূর লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। ’

শুধু শাবনূরই নন, শোবিজের প্রায় সব তারকাই পদ্মা সেতু নিয়ে বেশ উচ্ছ্বসিত। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার ও আফসানা মিমিসহ শোবিজের অনেক তারকা।