‘বঙ্গবন্ধুর উপহার স্বাধীনতা, প্রধানমন্ত্রীর উপহার পদ্মা সেতু’

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রেষ্ঠ উপহার হিসেবে দিয়েছেন স্বাধীনতা, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ উপহার হিসেবে দিয়েছেন পদ্মা সেতু’ এই মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

গতকাল শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় আয়োজিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।   

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সারা দেশের গ্রামে গ্রামে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়ে গেছে। অনেকে বলেন তিন কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আমি বলব দেশের সাড়ে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আমরাও এই ভাগ্য পরিবর্তনের অংশীদার। পদ্মা সেতু যে কষ্টের বিনিময়ে এসেছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে।’ 

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী ও বিরোধীরা সফল হয়নি বলেও উল্লেখ করেন তিনি।