২০২১-এ টেস্টে দুর্দান্ত ছিলেন লিটন দাস। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট না হাসলেও সাদা পোশাকে ছিলেন বিপরীত। সেই ধারা এ বছর সব ফরম্যাটে নিয়ে এলেন। টেস্টের মতো ওয়ানডে-টি-টোয়েন্টিতেও দারুণ ছন্দের পুরস্কারটা পেলেন বছরের মাঝামাঝিতেই। তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সালে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেললেন ১০০০ রানের কীর্তি।
৯৯৬ রান নিয়ে শুক্রবার শুরু করেন সেন্ট লুসিয়া টেস্ট। ৭০ বলে ৫৩ রানের ইনিংস খেলায় তার বার্ষিক রান এখন ১০৪৯। ৪৯.৯৫ গড়ে ২০ ইনিংস লেগেছে লিটনের এই মাইলফলক ছুঁতে। ৬ ফিফটির পাশাপাশি করেছেন ৩ সেঞ্চুরি। গত সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান তার সেরা। গত বছরের মতো এবারও টেস্টেই উজ্জ্বল তিনি, করেছেন ৬৪০ রান, ওয়ানডেতে ৩৩৫ আর টি-টোয়েন্টিতে ৭৩। শুধু টেস্টে লিটনের ওপর আছেন উসমান খাজা (৭৫১ রান), জনি বেয়ারেস্টো (৬৭১ রান) এবং জো রুট (৬৬৮ রান)।