গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রমোশন নিয়ে দুই শিক্ষকের হাতাহাতির পর এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতির অফিস রুমে এ ঘটনা ঘটে। দুই শিক্ষক হলেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান ও অধ্যাপক আবুল বাশার রিপন। এর মধ্যে ড. মোহাম্মদ আলী খানকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ফার্মেসি বিভাগে সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন করেন দুই সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান ও অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা। এ নিয়ে গতকাল রবিবার বিভাগের সভাপতির রুমে ওই শিক্ষকদের হাতাহাতি হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান অভিযোগ করে বলেন, ‘আজ (রবিবার) সাড়ে ১০টার দিকে বিভাগের সভাপতি মো. শফিকুল ইসলাম আমাকে ফোন করে অফিসে আসতে বলেন। আমি সভাপতির রুমে যাওয়ার পর অধ্যাপক আবুল বাশার রিপন খলিফাসহ অন্য সহকর্মীরা আসেন। রিপন খলিফা সভাপতিকে প্রশ্ন করে বলেন, তার প্রমোশন নিয়ে কারা ভিসিকে অভিযোগ দিয়েছেন। সভাপতি উত্তরে বলেন, “আমি অভিযোগ দিইনি।” রিপন খলিফা এবার বলেন, “ভিসি মিথ্যা বলছেন; না হয় আপনি মিথ্যা বলছেন।” সভাপতি বলেন, “ড. মোহাম্মদ আলী খানের পিএইচডি সার্টিফিকেটসহ সবকিছু সঠিক, তিনিই সহযোগী অধ্যাপক প্রমোশনের যোগ্য।” এরপর একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’
তবে সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা দেশ রূপান্তরকে বলেন, ‘এটা একটা নির্লজ্জ মিথ্যাচার। এ রকম কোনো কিছু এখানে ঘটেনি। আমি ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছি, হাসপাতালে ভর্তি করিয়েছি। পাঁচ হাজার টাকা দিয়ে এসেছি, আপনারা ঝামেলা হলে এটা করেন। আমি ডাক্তার ম্যানেজ করে দিয়ে এসেছি, আমি সব করেছি। উনি তো অসুস্থ আগে থেকেই। তিনি শারীরিক মানসিকভাবে অসুস্থ।’
তিনি আরও বলেন, ‘আমাদের রুমে যেটা হয়েছে, আমাদের ফার্মেসির বোর্ড হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার, সেটা স্থগিত হয়েছে। কী কারণে স্থগিত হয়েছে, আমাদের চেয়ারম্যান শফিকুল ইসলাম উনি বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ করেছেন আমার নামে।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনে মন্তব্য করতে রাজি হননি।