শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে রাজশাহীতে। গতকাল রবিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সব মসজিদে দোয়া মাহফিল, কেক কাটা, র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা আয়োজন করা হয়।

গতকাল সকাল সাড়ে ১০টায় পরিবার ও দলীয় নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার ছেলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ কামারুজ্জামানের পুত্রবধূ সমাজসেবী শাহীন আকতার রেনী, দৌহিত্র ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।