পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটা স্বপ্নের বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তেমনিভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতা ও দূরদর্শিতার কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।’
গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে পদ্মা সেতু প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্তদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প যৌথভাবে এ আয়োজন করে।
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার মো. রুহুল আমিন ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. রজব আলী।