পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি, এ কাজের জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ।
আজ সোমবার (২৭ জুন) দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব না। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এতে বোঝা যায় নাট-বল্টু হাতে দিয়ে খোলা হয়নি, এগুলো খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
গ্রেফতার বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে রবিবার (২৬ জুন) ৩৪ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন বায়েজিদ। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সিআইডি বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে।