আগামী ৬ মাস ২৪ ঘণ্টা রাজনীতি করতে হবে: আমীর খসরু

আগে পকেট কমিটি গঠন করার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, তবে এবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকার ওয়ার্ড কমিটি গঠন করায় আগামীর আন্দোলন সংগ্রাম সফল হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী হয়ে উঠেছি।

নেতা-কর্মীদের মধ্যে শতভাগ কমিটমেন্ট থাকতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী ৬ মাস ২৪ ঘণ্টা রাজনীতি করতে হবে।

সোমবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তার আগে দলের গণতন্ত্রের চর্চা থাকতে হবে।’

তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠনের কাজ করছে তা প্রত্যক্ষ করলাম। এভাবে ভোটের মাধ্যমে কমিটি হলে যারা নির্বাচিত হবেন তাদের কমিটমেন্ট থাকবে। এভাবে দলে শৃঙ্খলা আনতে হবে। দলে শৃঙ্খলা না থাকলে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না।’

তিনি বলেন, ‘বর্তমানে একটি ফ্যাসিস্ট, জুলুমবাজ, নির্যাতনকারী সরকার ক্ষমতায় রয়েছে। জনগণকে বাইরে রেখে ক্ষমতায় রয়েছে একটি গোষ্ঠী। কিছু আমলা, কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী মিলে এই গোষ্ঠী। দেশে এখন রাজনীতি নেই। সিদ্ধান্ত আসছে সব অরাজনৈতিক, গণতন্ত্র বিরোধী ও লুটপাটের পক্ষে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নেতা-কর্মীদের মধ্যে শতভাগ কমিটমেন্ট থাকতে হবে। আগামী ৬ মাস ২৪ ঘণ্টা রাজনীতি করতে হবে। কমিটমেন্টে ভাটা পড়লে কাজ হবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পরিচালনা করেন উত্তরের সদস্যসচিব আমিনুল হক। বক্তব্য দেন মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। 

সরকারের সমালোচনা করে আমান বলেন, ‘সিলেট, সুনামগঞ্জসহ ২৫টি জেলা আজকে বন্যা কবলিত। সেখানকার মানুষের মধ্যে হাহাকার চলছে। বন্যার্তদের চোখের পানি ঝরছে। সরকারের ত্রাণ দিচ্ছে না। আমরা আমাদের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। রাত ১১টা পর্যন্ত আমরা ত্রাণ বিতরণ করেছি। মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করেছে।’