গর্ভপাতসংক্রান্ত আইনে সংস্কার আনতে যাচ্ছে জার্মান সরকার। আইন সংস্কার হলে গর্ভপাতে ইচ্ছুকদের অতিরিক্ত তথ্য দেওয়ার অনুমতি পাবেন চিকিৎসকরা। জার্মানিতে গর্ভপাত বেআইনি। তবে বিশেষ পরিস্থিতিতে এর অনুমোদন রয়েছে এবং সে ক্ষেত্রে গর্ভধারণের ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করতে হবে।
তবে যেহেতু চিকিৎসকদের তথ্য দেওয়ার অনুমতি নেই, তাই গর্ভপাতসংক্রান্ত তথ্য সেখানে পাওয়া কঠিন। যেমন ওয়েবসাইটে গর্ভপাত পরিষেবার কথা উল্লেখ করায় এক চিকিৎসককে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে জার্মানিতে বড় রকমের বিতর্ক তৈরি হয়।
জার্মানির আইনমন্ত্রী মার্কো বুশমান এক বিবৃতিতে বলেন, গর্ভপাত করাতে চান এমন নারীদের গর্ভপাতের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করাটা চিকিৎসকদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হতো। এমনকি জরিমানাও দিতে হতো তাদের।