বিদ্রোহী ৯ মন্ত্রীর দপ্তর কেড়ে নিলেন উদ্ধব ঠাকরে

ভারতের মহারাষ্ট্রে শিবসেনার ৯ বিদ্রোহী মন্ত্রীর দপ্তর কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গতকাল সোমবার তার মন্ত্রিসভার নয় বিদ্রোহী মন্ত্রীর দপ্তর কেড়ে নেন। এই দপ্তরগুলো তার অনুগত অন্য মন্ত্রীদের মধ্যে বণ্টন করেছেন তিনি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কাজের সুবিধার্থে বিদ্রোহী মন্ত্রীদের দপ্তর অন্য মন্ত্রীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তার দলের বেশ কিছুসংখ্যক মন্ত্রী-বিধায়ক। শিবসেনার বিদ্রোহী মন্ত্রী-বিধায়কদের নেতৃত্বে আছেন একনাথ সিন্ধে। তিনি মহারাষ্ট্রের পূর্ত ও নগর উন্নয়নমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সিন্ধের নেতৃত্বে শিবসেনার বিদ্রোহীরা পাঁচ দিন ধরে বিজেপিশাসিত আসাম রাজ্যের গুয়াহাটি শহরের একটি হোটেলে অবস্থান করছেন। সিন্ধের দাবি, তার প্রতি মহারাষ্ট্রের ৫০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে। তাদের মধ্যে প্রায় ৪০ জন শিবসেনার বিধায়ক।

শিবসেনার ১৬ বিদ্রোহী বিধায়ককে অযোগ্য ঘোষণার পদক্ষেপ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের ওপর আজ দেশটির সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন সিন্ধে। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টিও চ্যালেঞ্জ করেছে সিন্ধে শিবির।