অপহরণ-চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপহরণ ও চাঁদাবাজির মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার তাদের গ্রেপ্তারের পর গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সাঁথিয়া উপজেলার চরভদ্রকোলা গ্রামের হেলাল উদ্দিনকে মারপিট করে রবিবার বিকালে অপহরণ করে নিয়ে আসে সানা ও তার সহযোগীরা। পরে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় সাঁথিয়া পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে হেলালকে আটকে রেখে মারপিট করে এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। হেলালের এক আত্মীয় ৯৯৯-এ অভিযোগ দিলে সাঁথিয়া থানা পুলিশ ৫ জনকে রবিবার সন্ধ্যায় ওই কার্যালয় থেকে আটক ও অপহৃত হেলালকে উদ্ধার করে। আটক অন্যরা হলেন মেহেদী হাসান রুবেল, সন্দ্বীপ কুমার, ইয়াছিন আলী ও মিলন।

এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিকেলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।’