জর্ডানের বন্দরে বিষাক্ত গ্যাস নিঃসরণে নিহত ১৩

লোহিত সাগর উপকূলে জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১৩ জন নিহত এবং আরও ২৬০ জনের বেশি আহত হয়েছে। কর্র্তৃপক্ষ জানিয়েছে, ৃেক্রনের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লোরিন বোঝাই একটি কন্টেইনার ওপর থেকে পড়ে গেলে গ্যাস ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কন্টেইনারটি ওপরে তোলা হচ্ছে আর হঠাৎ করে এটি একটি জাহাজের ওপর পড়ে এবং বিস্ফোরিত হয়। এরপরই উজ্জ্বল হলুদ গ্যাস ছড়িয়ে পড়লে মানুষ দ্রুত নিরাপদ স্থানের দিকে দৌড়াতে শুরু করে।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার রাতে রাসায়নিক নিঃসরণের কারণে ১২৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। শিল্প এবং বাসাবাড়ি পরিষ্কার সামগ্রীতে ব্যবহার হয় রাসায়নিক ক্লোরিন। স্বাভাবিক তাপ ও চাপে গ্যাসটি হলুদ-সবুজ কিন্তু মজুদ ও পরিবহনের সময় এটি সাধারণত অতিরিক্ত চাপে রাখা হয়। শ্বাসের সঙ্গে নিলে, গিলে ফেললে কিংবা ত্বকের সংস্পর্শে এলে ক্লোরিন পানির সঙ্গে বিক্রিয়া করে এসিডে পরিণত হয়। তখন এটি শরীরের কোষের ক্ষতির কারণ হয়। উচ্চমাত্রার ক্লোরিন শ্বাসের সঙ্গে গেলে ফুসফুসে জমা হয়ে এটি জীবনের জন্য হুমকির কারণ হতে পারে।