কবি আবুল হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অন্যতম কবি আবুল হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (২৯ জুন)। ২০১৪ সালের এই দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ত্রিশের দশকে অবিভক্ত ভারতে তার লেখালিখির সূত্রপাত। তিনি চল্লিশ দশকের বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি। তার প্রথম কবিতার বই ‘নব বসন্ত’ প্রকাশিত হয় ১৯৪০ সালে। আধুনিক মুসলমান বাঙালি কবিদের মধ্যে তার কবিতা বই-ই প্রথম।

কবি আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট খুলনার তৎকালীন বাগেরহাট মহুকুমার ফকিরহাট থানার আড়ুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মেহেরুন নেসা। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৭১ সালে ২৪ এপ্রিল বাগেরহাটে পাকিস্তানি সৈন্যদের হাতে নিহত হন।

কবি আবুল হোসেনের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘বিরস সংলাপ’, ‘হাওয়া তোমার কি দুঃসাহস’, ‘দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে’, ‘এখনও সময় আছে’, ‘আর কিসের অপেক্ষা’, ‘রাজকাহিনী’, ‘আবুল হোসেনের ব্যঙ্গ কবিতা’ ও গদ্যের বই ‘দুঃস্বপ্নের কাল’, ২০০৮ সালে ‘প্রেমের কবিতা’ ও ‘কালের খাতায়’, ‘স্বপ্ন ভঙ্গের পালা’ ইত্যাদি। তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, পদাবলী পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ পুরস্কার ও স্বর্ণপদক, আবুল হাসানাৎ সাহিত্য পুরস্কার, জনবার্তা স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।