গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ বাজেট সুস্পষ্ট তদবিরকারী ও রাঘববোয়ালদের জন্য। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘একজন নাগরিকের দৃষ্টিতে বাংলাদেশের প্রস্তাবিত ২০২২-২৩ বাজেটের তদবির ও গতানুগতিকতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বাজেট নিয়ে তার ভাবনা উপস্থাপন করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রস্তাবিত বাজেটের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে শ্রম ও কর্মসংস্থান, শিল্প, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা, মহিলা ও শিশুবিষয়ক ও আইন মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমানো। পরিসংখ্যান ও তথ্য মূল্যায়ন বিভাগের উন্নয়ন কাজের ৮০ শতাংশ কেটে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা বিদ্যমান থাকাবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট কমানো মারাত্মক ভুল। দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ দ্বিগুণ করুন। সুষ্ঠু ভোট হয় না, সংসদ আলোচনায় আগ্রহী নয়, সম্ভবত তাই তাদের উন্নয়ন বাজেট বাড়েনি।’
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ আল তিতুমীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।