এবার চীনের ৫ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

রাশিয়াকে সহযোগিতা করায় চীনের পাঁচটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই পাঁচ চীনা কোম্পানির বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্প ঘাঁটিকে সহায়তা করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ দাবি করেছে যে, কালো তালিকায় অন্তর্ভুক্ত করা ওই পাঁচ চীনা কোম্পানি রাশিয়াকে বিভিন্ন জিনিস সরবরাহ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তার আগেই এসব কোম্পানি রাশিয়াকে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করেছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি তারা এখনও নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বিভিন্ন জিনিস সরবরাহ করেই যাচ্ছে।

এছাড়া রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিথুনিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, উজবেকিস্তান এবং ভিয়েতনামের আরও ৩১ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট ৩৬টি কোম্পানিকে নতুন করে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের শিল্প ও নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালান এস্তেভেজ এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের পদক্ষেপ বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবে যে, যদি তারা রাশিয়াকে সগযোগিতা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরও শায়েস্তা করবে’।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের চীনা দূতাবাস কোম্পানিগুলোর বিরুদ্ধে এই অভিযোগের ব্যাপারে কোনো জবাব দেয়নি। তবে তারা বলেছে যে, বেইজিং রাশিয়া বা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়নি। তারা আরও জানিয়েছে যে, কোম্পানিগুলোর অধিকার রক্ষার জন্য তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। তাদের যুক্তি হলো এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেওয়া হয়েছে।

রাশিয়ান সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য অভিযুক্ত চীনের তিনটি কোম্পানি- কানেক ইলেক্ট্রনিক লিমিটেড, হংকং-ভিত্তিক ওয়ার্ল্ড জেটা এবং লজিস্টিক লিমিটেডের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা যায়নি। অন্য দুটি- কিং পাই টেকনোলজি কো, লিমিটেড এবং উইনিঙ্ক ইলেকট্রনিক মন্তব্যের জন্য অনুরোধের পরেও সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স