প্রবাসী স্বামী লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন স্ত্রী। ফেনীর সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের দক্ষিণ চর কালিদাস গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে বাড়িতে আনা হয় প্রবাসী জামাল উদ্দিনের (৪৭) লাশ। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্ত্রী খোদেজা বেগম (৩৫)। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন জামাল-খোদেজা দম্পতির ছেলে আজহার।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মালদ্বীপে থাকেন জামাল উদ্দিন। ৫ দিন আগে তিনি মারা যান।
জামাল-খোদেজা দম্পতির ছেলে আজহারুল ইসলাম অন্তর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাৎক্ষণিক তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যায়।
ফেনী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, বর্তমানে আজহারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
স্থানীয় দক্ষিণ চরকালিদাস ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন জানান, জামাল উদ্দিনের লাশ প্রবাস থেকে আনার খবরে তার স্ত্রী মারা যায়। মঙ্গলবার রাত ১১টায় জামাল উদ্দিনকে ও বুধবার সকাল ১১টায় খোদেজা বেগমকে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।