শেখ হাসিনার গাড়িবহরে হামলা

অস্ত্র আইনের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু

সাতক্ষীরায় কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার অস্ত্র আইনের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ^নাথ ম-লের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। এ সময় ৪৯ জন আসামির মধ্যে তালা-কলারোয়ার বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির জানান, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হলো। সাক্ষ্য দিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। আগামী ১৪ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার ওপর আড় করে দিয়ে তার গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা।