এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধন

৪৮৩ প্রার্থীর নিয়োগে সুপারিশ করতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ প্রার্থীর নিয়োগে সুপারিশ করতে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট। প্রার্থীদের রিট আবেদনের ওপর দেওয়া রুল যথাযথ ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আইনজীবীদের তথ্য মতে, এনটিআরসিএ’র ২০১৭ সালের পরীক্ষা হওয়ার পর ২০১৮ সালের ২৭ নভেম্বর উত্তীর্ণ ১৮ হাজার ৩১২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে ৪৮৩ প্রার্থীর ব্যাপারে সুপারিশ না হওয়ায় তারা সংক্ষুব্ধ হয়ে গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন। গত বছরের ৬ জুন হাইকোর্ট এনটিআরসিএ’র নিষ্ক্রিয়তা নিয়ে রুল দেয়। সেই রুল যথাযথ ঘোষণা করে গতকাল এ রায় হলো। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম মনিরুজ্জামান আসাদ ও মো. ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর-উস-সাদিক।

অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ দেশ রূপান্তরকে বলেন, ‘২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা অনুযায়ী শূন্য পদের বিপরীতে প্রার্থীদের নিয়োগের সুপারিশ হবে। কিন্তু এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে। ফলে অনেকেই বাদ পড়েন। ৪৮৩ জনের পক্ষে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে তাদের নিয়োগের সুপারিশ করতে বলেছে হাইকোর্ট।’