ইন্টার মিলানে ফিরেছেন রোমেলু লুকাকু। চেলসি থেকে দীর্ঘ সময়ের জন্য ধারে সান সিরোতে গেলেন তিনি।
গত গ্রীষ্মে ইন্টার থেকে চেলসিতে যোগ দেন লুকাকু। তার জন্য ক্লাব রেকর্ড ৯৭.৫ পাউন্ড খরচ করে ব্লুজরা। তবে সান সিরোর ফর্ম স্টামফোর্ড ব্রিজে আনতে পারেননি ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
গত ক্রিসমাসের আগে বেলজিয়ান তারকা জানান, চেলসিতে তিনি সুখে নেই। আশা ব্যক্ত করেন ফের ইন্টারে ফেরার। ইতালিয়ান ক্লাবটিও রাজি হয় লুকাকুকে ধারে ফেরাতে। তার জন্য চেলসিকে ৮ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হচ্ছে তাদের।
২০২০-২১ মৌসুমে ইন্টারের হয়ে সিরি’আ জেতেন লুকাকু। নেরাজ্জুরিদের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তাতে আকৃষ্ট হয়ে চেলসি রেকর্ড মূল্যের চুক্তি করে বেলজিয়ান তারকার সঙ্গে। কিন্তু ব্লুজদের হয়ে গত মৌসুমে একাদশ নিয়মিত জায়গা হয়নি তার। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ১৫ গোল। মাত্র এক মৌসুম স্টামফোর্ডে কাটিয়ে সান সিরোতে ফিরেছেন তিনি।
লুকাকুর ইন্টারে ফেরা নিয়ে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল। এবার বেলজিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন বিষয়টি। ইন্টারের টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে লুকাকু বলেন, ‘আমি ফিরে এসেছি প্রিয়’।
এই ফেরা বেলজিয়ান তারকার জন্য ঘরে ফেরার মতো। ইন্টারের হয়েই যে তার ক্যারিয়ারের পুনর্জাগরণ।