সপ্তাহের ব্যবধানে হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে।

এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আব্দুল মালেক বলেন, বাজারে কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে। গত কয়েক দিন ধরে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে।

গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০/৫০ টাকা কেজি দরে কিনলাম সেই কাঁচা মরিচ এখন ৭০ টাকা কিনতে হচ্ছে। এত দাম বাড়লে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের খুব সমস্যা। বাড়তি দামের কারণে সংসারের ব্যয়ভার মেটানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে আগে যেখানে এক কেজি কাঁচা মরিচ কিনতাম এখন সেখানে হাফ কিনছি।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, পড়তা না থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। তবে আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতির দিকে ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ কখনো রোদ আবার কখনো ঝড় বৃষ্টি আবার কখনো প্রচণ্ড গরম বিরাজ করছে।

এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে বাজারে চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরাহ কমেছে। যার কারণে কাচা মরিচের দাম বাড়ছে। বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও জানান তিনি।