বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বিদেশে টাকা পাচারের অভিযোগ বিষয়ে বলেছেন, ‘দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে। আমাদের কেউ তো বিদেশে থাকে না কার কাছে টাকা পাঠাব। আপনাদের কেউ তো দেশে থাকে না। পাঠালে আপনারা পাঠাতে পারেন।’
তিনি বলেন, ‘বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটের সুযোগ না দিয়ে ক্ষমতা দখল করেছেন। ভবিষ্যতে ভোট চুরি করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মিন্টু বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গেছে আমার পাওয়ার চাই। জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না দিয়ে পাওয়ার চাওয়া অপরাধ। আগামীতে সে সুযোগ আর দেওয়া হবে না।’
‘আমার কি অপরাধ’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দেশের জনগণ যেদিকে তাকায় সেদিকে অপরাধ দেখে। অথচ ওনারা অপরাধ দেখেন না। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন সেটা কি অপরাধ নয়। নেতাকর্মীদের বিভিন্ন বাহিনী দিয়ে নির্যাতন করেন সেটা কি অপরাধ নয়। জনগণের ভোট চুরি করা কি অপরাধ নয়। একদিন এসব অপরাধের বিচার হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চল বন্যাকবলিত। সেখানে মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। অথচ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। সেদিকে সরকারের খেয়াল নেই। আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি।’
সম্মেলনের উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রধান বক্তা ছিলেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাবিথ আউয়াল মিন্টুসহ উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা।