নতুন অর্থবছরের বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর

নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদে বৈঠক শুরু হয়। অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট কণ্ঠভোটে পাস হয়। এ বাজেট রাষ্ট্রপতির অনুমোদনের পর অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে কার্যকর হবে।

গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা) চেয়ে ১৪ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৫ দশমিক ২৩ শতাংশের সমান।

অর্থমন্ত্রীর বাজেট পেশের পর পুরো অধিবেশন জুড়ে এর ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এবারের বাজেট অধিবেশন ছিল দীর্ঘ, যা শেষ হচ্ছে বৃহস্পতিবার। 

এর আগে ২০২০ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন হয়েছিল। নয় দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য বাজেট নিয়ে আলোচনা করেছিলেন।

বাজেট উত্থাপনের পর গত ১৩ জুন বিদায়ী ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ হাজার ৫২৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাস হয়েছে।

আর বুধবার কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সংসদে অর্থবিল পাস হয়।