মহানবী (সা.)-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভারতে বিক্ষিপ্ত সহিংসতা ঘটে চলেছে। আন্তর্জাতিক নিন্দার মুখে দেশটির সরকারও পড়ে বেকায়দায়।
এই আবহে বিজেপির সাবেক মুখপাত্রের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আরজি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা।
হিন্দুস্থান টাইমস জানায়, সেখানেই ভর্ৎসনার মুখে পড়েন নূপুর। ভারতের শীর্ষ আদালত বলে, ‘দেশে যা যা ঘটছে তার জন্য এককভাবে দায়ী’ তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে, টিভিতে এসে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুরের।
আবেদনে নূপুর বলেছিলেন, তার প্রাণ সংশয় রয়েছে। তবে নূপুরের আরজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত তাকে তিরস্কার করে বলে, নূপুরের ‘বেলাগাম মুখের কারণে দেশে আগুন লেগেছে। উদয়পুরের মতো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী’ তিনি।
শীর্ষ আদালতের তরফে কড়া ভাষায় বলা হয়, ‘আমরা ওই বিতর্ক সভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’
নূপুরের প্রাণ সংশয় ইস্যুতে সুপ্রিম কোর্ট বলে, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন? তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পেছনে দায়ী একা এই নারী।’