ওস্তাদ রশিদ খান শুক্রবার ৫৩ পার করে ৫৪ বছরে পা দিলেন। এ দিন সকালে ছেলে ও পরিবারের সঙ্গে ছিলেন রথ যাত্রায়, বিকেলে দরগা শরিফে দুঃস্থদের হাতে খাদ্য তুলে দেন।
দিনভর ব্যস্ততার মাঝে আরেকটি সুখবর দেন রশিদ। ছেলে আরমানের সঙ্গে গান নিয়ে হাজির হচ্ছেন কোক স্টুডিও বাংলায়।
ভারতীয় গণমাধ্যম জানায়, রামপুর-সাহসওয়ান ঘরানার এই শিল্পীকে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ফিউশনের মিশেলে শোনা যাবে।
তিনি বলেন, ‘ফিউশন করতে আমার সব সময়ই ভালো লাগে। আগে করেছি। রেকর্ডিংও আছে। এবার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিউশন করব। শাস্ত্রীয় সঙ্গীত তো গাইবই। কিন্তু সেই গানকে একটু ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব। সে সব নিয়েই আপাতত ভাবনা-চিন্তা করছি।’
রশিদের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁর সহসওয়ানে। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র রশিদ। মূলত দাদা উস্তাদ নিসার হোসেন খাঁ’র কাছ থেকে তালিম নেন তিনি। এ ছাড়া মামা গুলাম মুস্তাফা খাঁ’র কাছ থেকেও তালিম নিয়েছেন।