ময়মনসিংহে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা করার অভিযোগে চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন গৌরীপুর উপজেলার সুতিরপাড়া গ্রামের সাবিকুর রহমান (৩৪), তার ভাই শাহজাহান মিয়া (৩৫), শামীম হাসান (২৬) ও সাইদুল ইসলাম (২৪)।
প্রতারক চক্র আকর্ষণীয় বেতনের কথা বলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের ডেকে নিতেন। এরপর আটকে রেখে কিডনি বিক্রি করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, প্রতারণার শিকার কাউছার হামিদ শুক্রবার রাতে ওই চার ভাইকে আসামি করে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, প্রতারক ওই চার ভাই কুমিল্লা থেকে প্রকাশিত একটি পত্রিকায় আকর্ষণীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কাউছার হামিদ তার জীবনবৃত্তান্ত পাঠান। পরে প্রতারক সাবিকুর রহমান চাকরিপ্রার্থী কাউছার হামিদকে মৌখিক পরীক্ষার জন্য ময়মনসিংহে আসতে বলেন।
গত ২৯ জুন বিকেলে কাউছার হামিদ ময়মনসিংহের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গেলে প্রতারক সাবিকুর ও তার ভাই শাহজাহান মিয়া তাকে ভয় দেখিয়ে গৌরীপুরের ভাংনামারীর সুতিরপাড়া গ্রামে নিয়ে আটকে রাখেন। এরপর চক্রের সদস্যরা কাউছার হামিদের কিডনি নিয়ে বিক্রি করার হুমকি দেয় ও মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৩০ জুন কাউছার বিকাশে তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা এনে প্রতারক চক্রকে দেন। পরে রাতে কাউছারকে ছেড়ে দেয় প্রতারকরা।
ভুক্তভোগী কাউছার ১ জুলাই ওই চার ভাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় প্রতারণার মামলা করেন। ওই রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে তারা এমন প্রতারণা করে আসছেন বলেও জানান।