জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে থাকলে জাতীয় পার্টি অন্যরকম হতো। পল্লীবন্ধু এরশাদ নেই, তাই জাতীয় পার্টি আজ এলোমেলো হয়ে গেছে।’ তিনি বলেন, ‘যাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের ফিরিয়ে নিতে হবে। যারা চলে গেছে তাদেরও ফিরিয়ে আনতে হবে। নতুবা আমরা অনেক পিছিয়ে যাব।’
গতকাল শনিবার দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ পার্টির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার আহ্বান জানালেও তারা কেউ উপস্থিত হননি।
রওশন এরশাদ বলেন, ‘দীর্ঘ ছয় মাস আমি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পার্টির কেউ খোঁজ নেয়নি। আমি সবার খোঁজ নিয়েছি। অথচ যাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন। মসজিদ, মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছে। অনেক ভালো ভালো নেতাকর্মী দলের বাইরে আছে, তাদের আনতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে।