ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাকিস্তানের করাচির স্টার সিটি মলের বাইরে সহিংস বিক্ষোভ হয়েছে। মলে স্থাপিত ‘ওয়াইফাই ডিভাইসে’ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য শোনানোর পরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমগুলোর। বিক্ষোভে অংশ নেওয়া ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ২৭ জন বহুজাতিক মোবাইল ফোন কোম্পানি স্যামসাংয়ের কর্মী। স্যামসাংয়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ক্ষুব্ধ জনতার সঙ্গে তারাও স্যামসাংয়ের বিলবোর্ড ভাঙচুর করেন। বিক্ষোভ শুরুর পর স্যামসাং পাকিস্তান এক বিবৃতিতে বলে, তাদের প্রতিষ্ঠান মানুষের ধর্মীয় অনুভূতির ব্যাপারে সব সময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলে। বিবৃতিতে বলা হয়, স্যামসাং ইলেকট্রনিকস তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে যে ধর্মীয় গুরুত্বের সব বিষয়ে বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করা হয়। করাচির সাম্প্রতিক ঘটনাসহ সব ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি স্যামসাং বরাবরের মতোই অত্যন্ত শ্রদ্ধাশীল। স্যামসাং ইসলাম ধর্মকে অত্যন্ত সম্মানের সঙ্গে ধারণ করে। এ ছাড়া পাকিস্তানে স্যামসাংয়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ উঠেছে, অভ্যন্তরীণভাবে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।