গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাড়িতে ডেকে নিয়ে জিমি বেগম (৩০) নামের এক নারীকে খুন করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় তার স্বামী নুর আলম আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি রয়েছেন।
খুনের ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পাইকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে৷
জানা যায়, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফারুক মোল্যা তাদের বাড়িতে সালিশের কথা বলে স্বামী-স্ত্রীকে ডেকে নিয়ে মারধর করেন।
পরে তাদের আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে জিমি বেগম মারা যান। তার স্বামী নুর আলমের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এক নারী খুন হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
তার স্বামীকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।