প্রধানমন্ত্রীকে দেখতে সড়কে শিবচরের মানুষের ভিড়

পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে আছেন তার ছেলে ও মেয়েসহ পরিবারের সদস্যরা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের অংশে মানুষের ঢল দেখা গেছে।

সোমবার সকাল থেকেই মাদারীপুর জেলা আওয়ামী লীগের ও স্থানীয় নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। এতে এক্সপ্রেস ও পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত এলাকার দুপাশে নির্দিষ্ট স্থানে মানুষের ভিড় দেখা যায়।

তাদের হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারও রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যানবাহন ও সব ধরনের চলাচল সীমিত করে রাখা হয়।

শিবচরের ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন বিপু বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই রোড দিয়ে টুঙ্গিপাড়া যাবেন। আমরা তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।