ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, রবিবার রাতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সদর এলাকার পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারীর সামনে আসতেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
মাহিন্দ্রটি ধাক্কা লেগে দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যান। পরে রাত ২টার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিচয় এখনো জানা যায়নি।
তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহিন্দ্রটি জব্দ করা হয়েছে।