মা-বোনের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন এক প্রসূতি। গন্তব্যে যেতে বাসে ওঠার জন্য পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে তাদের নামিয়ে দেন ভ্যানচালক। বাসে ওঠার আগ মহূর্তে টোল প্লাজা সংলগ্ন সড়কে ফুটফুটে ছেলের জন্ম দেন ওই নারী। যা পদ্মা সেতুর ১০০ গজ দুরে।
ওই নারীর নাম হাসি আক্তার (২১)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। তারা দুজনই বিজিবির সদস্য।
সোমবার (০৪ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছেন।
পদ্মা দক্ষিণ থানা ও ওই পরিবার সূত্র জানায়, হাসি আক্তার আর তার স্বামী আলী হাসান দম্পতি টেকনাথ বিজিবিতে চাকরি করেন। হাসি মাতৃকালীন ছুটিতে গত মাসে মাদারীপুরের সাড়ে বিশরশ্মি গ্রামের বাড়িতে আসেন। সোমবার হাসির প্রসববেদনা উঠেল স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাসিকে ঢাকায় পাঠান। পরে দুপুরে পিলখানা বিজিবি হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে ফুটফুটে ছেলের জন্ম দেন ওই নারী।
পরে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তদন্ত ওসি মো. সুজন হকসহ পুলিশ সদস্যরা তাদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেন।
পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার মাদারীপুরের সিবচর এলাকার হাসি আক্তার নামে এক প্রসূতি একজন পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তীতে প্রসূতি ও নবজাতককে আমরা নিজের গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিই। মা ও সন্তান উভয়ই সুস্থ আছে।