চরফ্যাশনে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

প্রতিবারের মতো এবারও চরফ্যাশন উপজেলায় বসেছে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট। উপজেলা প্রশাসন থেকে অনুমোদন দেওয়ায় পৌরসভাসহ ৪

থানার ২১ ইউনিয়নে এবার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশুর হাট বসছে প্রায় ৬০টি। তবে করোনার ঊর্ধ্বমুখীর এ সময়ে হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

চরফ্যাশন, দুলারহাট, শশিভূষণ ও দক্ষিণ আইচা থানায় ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই অসংখ্য স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়ে থাকে প্রশাসন। তার মধ্যে চেয়ারম্যানহাট, ভূঁইয়ারহাট, আবুগঞ্জ, কেরামতগঞ্জ, মাঝিরহাট, বাবুরহাট, কাশেমগঞ্জ, জনতা বাজার, শিবারহাট, ঘোষেরহাট, হাজিরহাট, বজলুরহাট, চরলিউলিন বাংলা বাজার, জলিল  বেপারির হাট, কুকরি মুকরি বাজার, ঢালচর বাজার উল্লেখযোগ্য। গতকাল সোমবার এসব বাজার ঘুরে লোকজনকে মাস্ক পরতে দেখা যায়নি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বাজারগুলোতে করোনাভাইরাসের বিস্তার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।