যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার শিকাগোর হাইল্যান্ড পার্কে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও ২৪ জনকে বিভিন্ন হাসাপতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আনুমানিক সকাল ১০টার দিকে প্যারেড শুরু হয়। এর ১০ মিনিট পরেই সেই প্যারেডে গুলি চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণকারী আশপাশের কোনো একটি দোকানের ছাদে অবস্থান নিয়ে প্যারেডে আসা মানুষদের গুলি করে।
শিকাগোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিপুলসংখ্যক আইনশৃঙ্খলার কর্মকর্তা সাড়া দিচ্ছেন। হাইল্যান্ড পার্কের আশপাশের এলাকা নিরাপত্তাবলয়ে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নিচ্ছিলেন। তিনি জানান, কাছেই গুলির শব্দ শোনেন। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আরও গুলির শব্দ শুনতে পান তিনি।
গার্সিয়া বলেন, মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল, আমরা আর নিরাপদ নই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়। বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করে।
২৪ মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে এক হামলায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের ঘটনা দেশটির মানুষের মনে তাজা থাকা অবস্থায় শিকাগোতে এই হামলা হলো। এর আগে ১৪ মে নিউ ইয়র্কের বুফেলোতে একটি মুদির দোকানে গুলিবর্ষণে ১০ জন নিহত হয়েছে।