৩০০ ডাকাতকে কীভাবে সামলাবে ইসি : মির্জা আব্বাস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে ইসি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের মতো একটি নির্বাচনে বিনা ভোটের সাংসদকে সামাল দিতে পারেন না, সেই ইসি জাতীয় নির্বাচনে ৩০০ ভোট ডাকাতকে কীভাবে সামলাবেন?’ গতকাল সোমবার বিকেলে খিলগাঁও থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। কারণ তাকে রেখে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, তখন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপি গুন্ডামী করে না, সন্ত্রাস করে না, কিন্তু আঘাত যদি আসে পাল্টা আঘাত করতে দ্বিধা করে না।’