৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে উত্তরাঞ্চলের পো নদীর পার্শ্ববর্তী পাঁচ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি। লোম্বার্ডিসহ এ পাঁচ অঞ্চলে পানির সংকট কাটাতে ৩ কোটি ৬৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। ইতালির কৃষক সংগঠন কোলদিরেত্তির তথ্যমতে, খরা ইতালির ৩০ শতাংশের বেশি কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। বেশ কয়েকটি পৌরসভা ইতিমধ্যে পানির রেশনিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। অস্বাভাবিক গরম আবহাওয়া এবং শীত ও বসন্তে কম বৃষ্টিপাতের কারণে ইতালির উত্তরাঞ্চলে পানির ঘাটতি বেড়ে গেছে। জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে ইতালির সরকার বলছে, বর্তমান পরিস্থিতিকে বিশেষ ব্যবস্থায় শক্ত হাতে মোকাবিলা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি অবশ্য খরার কারণ হিসেবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির যোগ থাকার দাবি করেছেন।