ঢাকায় পশুর হাটসংলগ্ন শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এসব এলাকার ব্যাংক শাখায় নিয়মিত লেনদেনের বাইরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, করোনা মহামারীর সংক্রমণ রোধে ব্যাংকের কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়তি সময়ে ব্যাংকিং কাজে নিয়োজিত কর্মীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করতে হবে ব্যাংক কর্র্তৃপক্ষকে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা চলছে। এ হাটগুলোর আশপাশে কোন কোন ব্যাংক শাখা খোলা থাকবে ব্যাংকগুলো নিজ বিবেচনায় সেই শাখা নির্বাচন করতে পারবে। এছাড়া ঈদের আগের দুদিন অর্থাৎ আগামী শুক্র ও শনিবার এসব এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার ঈদের আগে কর্মীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার পোশাকসংলগ্ন ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।