নীলফামারীতে গত বছর ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত বিজিবি সদস্য ও পোলিং অফিসার মাদ্রাসা শিক্ষকের দুই পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
নিহত বিজিবি সদস্য নায়েক রুবেল ম-লের স্ত্রী জেসমিন বেগম ও নিহত পোলিং কর্মকর্তা খাদেমুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসিন এই চেক গ্রহণ করেন।
গত বছরের ২৮ নভেম্বর জেলার কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল প্রকাশের সময় রাত সাড়ে ৮টার দিকে হামলায় নিহত হন নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির নায়েক রুবেল ম-ল। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওই বছরের ২৬ ডিসেম্বর সৈয়দপুর উপজেলায় খাতামধুপুর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পোলিং কর্মকর্তা খাদেমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ওই উপজেলার লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ওই দুই ব্যক্তির নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের পরিবারকে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকার অনুদান প্রদান করে।’