গার্হস্থ্য সহিংসতার মামলায় পরামর্শ দেওয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাকে এক পুলিশ কর্মকর্তাকে বোঝানোর চেষ্টা করতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। তারপরই পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। যুবককে থামাতে সেই যুবককে পাল্টা দুচার ঘা-ও মারতে দেখা যায় কর্মকর্তাকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি সামলাতে থানার অন্য কর্মীরা ছুটে আসেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরীতে।
মৈনপুরীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার (এএসপি) মধুবন কুমার জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ দায়ের হয়েছে। যুবককে পরামর্শ দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। হঠাৎই ওই যুবক পুলিশ কর্মকর্তার উপর হামলা চালান।
এএসপি বলেন, ‘যুবকের পরিবার দাবি করেছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে। তবে এই দাবি সত্যি কি না তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত নথি যুবকের পরিবারের কাছে চাওয়া হয়েছে’। তবে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে আটকও করা হয়েছে।